বিসিবি সভাপতি বুলবুলের ওপর ক্ষুব্ধ আইসিসির বোর্ড সদস্যরা

অবশ্যই পরুন

নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। আইসিসির সিদ্ধান্তের পরও নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছে বিসিবি।

ভেন্যু পরিবর্তনের দাবিতে বিসিবি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটি (ডিআরসি)–তে আপিল করেছিল। তবে ডিআরসির টার্ম অব রেফারেন্স অনুযায়ী, বোর্ড পরিচালকদের মাধ্যমে গৃহীত আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার এখতিয়ার এই কমিটির নেই। ফলে বিসিবির আপিলটি শুনানির পর্যায়েই গড়ায়নি।

এ অবস্থায় শেষ বিকল্প হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টি বিবেচনা করছে বিসিবি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া তথ্যে বিসিবির একটি সূত্র জানায়, আইসিসির ডিআরসিতে প্রত্যাশিত ফল না এলে সুইজারল্যান্ডভিত্তিক কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) যাওয়াই একমাত্র আইনি পথ হিসেবে খোলা রয়েছে।

এদিকে পিটিআইয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল–এর সাম্প্রতিক ভূমিকা নিয়ে আইসিসি বোর্ডের একাধিক সদস্য অসন্তুষ্ট। তাদের অভিযোগ, আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার আগেই সংবাদ সম্মেলন করে অবস্থান জানানোর বিষয়টি কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইসিসির পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এবং শনিবার সেখানে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে ঘোষণার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, আইসিসির বোর্ড সভা শেষে বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। সেই সময়সীমার মধ্যেই ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ আগের সিদ্ধান্তেই অনড় থাকবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ