গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা কীভাবে আয়োজন করা হবে, তা নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ উদ্বেগের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে কোনো শিক্ষার্থী যেন দীর্ঘ সময় শিক্ষাজীবন থেকে পিছিয়ে না পড়ে। তারা অযথা বসে থাকুক কিংবা মাদক ও মোবাইল আসক্তিতে জড়িয়ে পড়ুক, সরকার তা চায় না।
তিনি জানান, যেসব শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে রেফার্ড পেয়েছে, তাদের জন্য বিশেষ পরীক্ষার আয়োজন করা হবে। এ পরীক্ষায় প্রায় ২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থাও করা হয়েছে।
শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসংগতি তুলে ধরে মন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিছু কলেজে শিক্ষক থাকলেও শিক্ষার্থী নেই। আবার কোথাও শিক্ষার্থী থাকলেও প্রয়োজনীয় শিক্ষক নেই। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে অতীতে যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের অভাব ছিল বলেও মন্তব্য করেন তিনি।
পরীক্ষার খাতা মূল্যায়নের অসংগতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পুনঃনিরীক্ষণের পর এসএসসির ৫২ হাজার এবং এইচএসসির ২৩ হাজার খাতার গ্রেড পরিবর্তন হয়েছে। এ কারণে খাতা মূল্যায়ন পদ্ধতিতে আরও নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।
শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের কর্মদক্ষ করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
