ইরাকের সুলাইমানিয়াহতে এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-২-এ দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দলগত, দুই ইভেন্টেই ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আর্চাররা।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের সেমিফাইনালে উজবেকিস্তানকে সরাসরি ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। দলের হয়ে লড়েছেন সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি।
এই ইভেন্টের অন্য সেমিফাইনালে স্বাগতিক ইরাককে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কাজাখস্তান। ফলে আগামী ২৮ অক্টোবর সোনার পদকের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও কাজাখস্তান।
কম্পাউন্ড নারী দলগত ইভেন্টেও ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ পয়েন্টে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি।
এই ইভেন্টের অন্য সেমিফাইনালে ইরাক ও কাজাখস্তানের লড়াই নির্ধারিত সময়ে ২১৭-২১৭ পয়েন্টে সমতায় শেষ হয়। পরে শুটঅফে ২৯-২৭ পয়েন্টে স্বাগতিকদের হারিয়ে ফাইনালে ওঠে কাজাখস্তান।
আগামী ২৯ অক্টোবর কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ইভেন্টেই সোনার পদক জয়ের সুযোগ থাকায় এখন বাংলাদেশের আর্চারদের দিকে তাকিয়ে দেশের ক্রীড়াপ্রেমীরা।
ন্যাশনিক্স/এলকে
