ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যেসব দল ভোট চাইছে, তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিল।
শনিবার দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস স্মরণ করে বলেন, দেশের মানুষ নিজেরাই অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছে। তিনি দাবি করেন, যারা তখন স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই বর্তমানে ভোট চাইছে।
মির্জা ফখরুল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে নারীরা পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাতে সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এতে কৃষকরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য কার্ড’ চালুর কথাও জানান তিনি।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সংসদে গিয়ে জনগণের স্বার্থে কথা বলার অঙ্গীকার করেন।
পথসভায় উপস্থিত কয়েকজন ভোটার মঞ্চে উঠে তাঁর পূর্ববর্তী সময়ে বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা কৃষি সেচ সুবিধা সম্প্রসারণে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
