সেরা ফুটবলার ও মানবিক কাজের জন্য প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার পেলেন মেসি

অবশ্যই পরুন

ফুটবল ক্যারিয়ারে অসামান্য সাফল্য এবং সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করার স্বীকৃতি হিসেবে স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ পেয়েছেন লিওনেল মেসি।

শুক্রবার স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে আয়োজিত অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেন স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনর। পুরস্কারটি তাঁর নামেই প্রবর্তিত।

অনুষ্ঠানে মেসির আগমন ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। আর্জেন্টিনার জার্সি পরা সমর্থকেরা তাঁর নাম ধরে স্লোগান দেন। এ সময় ব্যাগপাইপ ও ঢোলের বাদ্যেও মুখর ছিল অনুষ্ঠানস্থল।

গত জুনে মেসিকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। তখন বিচারকমণ্ডলী তাঁকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে অভিহিত করে তাঁর দীর্ঘ ক্যারিয়ার ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

পুরস্কার তুলে দেওয়ার সময় রাজকন্যা লিওনর বলেন, মেসি অসাধারণ কীর্তিকে নিয়মিত ঘটনায় পরিণত করেছেন। খেলার পরিস্থিতি দ্রুত বুঝে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি তিনি ব্যক্তিগত অহংকারের চেয়ে দলীয় চেতনাকে বেশি গুরুত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন। ক্লাব ফুটবলেও তাঁর সাফল্যের তালিকা দীর্ঘ। বার্সেলোনায় ২১ বছর কাটিয়ে তিনি চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন। ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইয়ে দুই বছর খেলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গোল, অ্যাসিস্ট ও ম্যাচ খেলার বিভিন্ন রেকর্ডও রয়েছে মেসির। শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়ানোর জন্য তাঁর সামাজিক উদ্যোগগুলোও এই সম্মাননার ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে।

১৯৮১ সালে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার চালু হয়। শিল্প, বিজ্ঞান, ক্রীড়া ও অন্যান্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর বিভিন্ন বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। এর সঙ্গে রয়েছে ৫০ হাজার ইউরো অর্থমূল্যের পুরস্কার। মানুষের মধ্যে সংহতি, সহাবস্থান ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগকে স্বীকৃতি দেওয়াও এ পুরস্কারের অন্যতম লক্ষ্য।

এর আগে ক্রীড়া বিভাগে এ সম্মান পেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, ম্যারাথন দৌড়বিদ এলিউদ কিপচোগে এবং মার্কিন স্কিয়ার লিন্ডসে ভন। শুক্রবার একই অনুষ্ঠানে ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, নভোচারী ক্রিস্টিনা কোচ ও সংগীতশিল্পী প্যাটি স্মিথসহ আরও কয়েকজন পুরস্কার গ্রহণ করেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ