পাকিস্তানে গিয়ে জিন্নাহর সমাধি জিয়ারত করলেন বাংলাদেশের স্পিকার ও বিএনপির সংসদ সদস্যরা

অবশ্যই পরুন

পাকিস্তান সফরে গিয়ে দেশটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধি জিয়ারত করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) ও বিএনপির সংসদ সদস্যদের নিয়ে গঠিত সংসদীয় প্রতিনিধিদল। শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নাহর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা। এ ছাড়া পাকিস্তানের কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিতেও শ্রদ্ধা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে তিনি ফাতিহা পাঠ করেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে গেছেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি এবং সংসদীয় বাংলাদেশ-পাকিস্তান মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। এ ছাড়া রয়েছেন বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত।

এর আগে ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষে করাচিতে পৌঁছান প্রতিনিধিদলের সদস্যরা। বিমানবন্দরে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকারের পক্ষে তাঁদের স্বাগত জানান প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ।

শুক্রবার সিন্ধু প্রাদেশিক পরিষদের এক অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ।

সফরে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন, প্রাদেশিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। এসব বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ