সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাত্র প্রতিনিধিদের মতামতকে গুরুত্ব না দেওয়ায় দেশ বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি অভিযোগ করেন, ছাত্র সংসদ নির্বাচনের পর নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা এবং তাদের যথাযথ মূল্যায়ন করা সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব ছিল। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস সে উদ্যোগ নেননি।
তিনি বলেন, ছাত্রদের আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তন এসেছিল, সেখানে ছাত্র প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয়ে তাদের মতামত নেওয়া প্রয়োজন ছিল।
নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, গণভোট আয়োজনের বিষয়ে ড. ইউনূস বক্তব্য দিয়েছিলেন। ছাত্র সংসদগুলোর পক্ষ থেকেও দ্রুত গণভোট আয়োজন এবং এরপর জাতীয় নির্বাচন সম্পন্ন করার দাবি জানানো হয়েছিল। কিন্তু তাদের এসব দাবি ও পরামর্শ যথাযথ গুরুত্ব পায়নি।
তার ভাষ্য, ছাত্র প্রতিনিধিদের মতামত উপেক্ষা করার ফলেই দেশ আজ অনিশ্চিত পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতির দায় তৎকালীন অন্তর্বর্তী সরকারের ওপর বর্তায় বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বর্তমান সরকারের ভূমিকা নিয়েও কথা বলেন শিবির সভাপতি। তিনি অভিযোগ করেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু এখনো তাদের আনুষ্ঠানিকভাবে ডাকা হয়নি।
তিনি বলেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং তাদের বক্তব্য শুনেছেন। শিক্ষার্থীদের দেওয়া পরামর্শগুলো তার কাছে তুলে ধরার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও হল সংসদের নির্বাচিত ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের আমন্ত্রণে তারা এতে অংশ নেন।
