সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালের টিকিট নিশ্চিত করতে স্বাগতিকদের সামনে এখন ৯০ মিনিটের চ্যালেঞ্জ। নতুন আত্মবিশ্বাস, শক্তিশালী দল এবং ঘরের মাঠের দর্শকদের সমর্থন নিয়ে মাঠে নামবে জামাল-হামজারা।
শনিবার বিকেল সাড়ে ৩টায় সাফের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।
বাংলাদেশের জন্য এই ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। ২০০৩ সালে সর্বশেষ জেতা আঞ্চলিক শিরোপা পুনরুদ্ধারের পথে ফাইনালে ওঠার সুযোগ রয়েছে স্বাগতিকদের সামনে।
২০২৩ সালের আসরেও সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে অতিরিক্ত সময়ে কুয়েতের শেষ মুহূর্তের গোলে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। তিন বছর পর এবার নিজ দেশের দর্শকদের সামনে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পেয়েছে দলটি।
বর্তমান বাংলাদেশ দলেও এসেছে ভিন্ন মাত্রা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন মিডফিল্ডার হামজা চৌধুরীর পাশাপাশি ফারহান আলী ওয়াহিদ ও সমিত সোমের উপস্থিতি দলের শক্তি ও গভীরতা বাড়িয়েছে। এ ছাড়া জিদান ইউসুফ, জায়ান আহমেদ ও ফাহামিদুলসহ অন্য খেলোয়াড়রাও দলে অভিজ্ঞতা ও বিকল্প শক্তি যোগ করছেন।
বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে বাংলাদেশ। এই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে সেমিফাইনালে ওঠে স্বাগতিকরা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রাকিব-মোরসালিনদের এই জয় দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে।
অন্যদিকে, সেমিফাইনালের আগে শক্তি বাড়িয়েছে পাকিস্তানও। ফিফা আন্তর্জাতিক উইন্ডোর বাইরে ম্যাচ হওয়ায় গ্রুপ পর্বে খেলতে না পারা পাঁচ প্রবাসী ফুটবলার আবদুল্লাহ ইকবাল, ইসা সুলাইমান, আলী আকবর খান, আদিল নবী ও আবদুল সামাদ শাহ দলে যোগ দিয়েছেন।
তাঁদের অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ নলবার্তো সোলানোর হাতে খেলোয়াড়ের বিকল্প বেড়েছে। পাকিস্তান টুর্নামেন্ট শুরু করেছিল ভারতের কাছে ৩-২ গোলে হেরে। তবে পরের ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়ে শেষ চারে জায়গা করে নেয় তারা।
আট বছর পর সাফের সেমিফাইনালে ফিরেছে পাকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে এর আগে মাত্র দুবার শেষ চারে উঠেছিল দলটি। সর্বশেষ ২০১৮ সালে ঢাকায় ভারতের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নেয় পাকিস্তান। এখন পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারেনি তারা। ফলে শনিবারের ম্যাচটি পাকিস্তানের জন্যও নতুন ইতিহাস গড়ার সুযোগ।
সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে পাকিস্তানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ। দুই দলের সাতবারের দেখায় বাংলাদেশ জিতেছে তিনটি ম্যাচে, ড্র হয়েছে দুটি এবং পাকিস্তান জিতেছে দুটিতে। গোলের ব্যবধানেও এগিয়ে বাংলাদেশ, ৭-৩।
১৯৯৫ সালে প্রথম দেখায় পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে ১৯৯৯ সালে ৪-০ গোলের জয় নিয়ে জবাব দেয় লাল-সবুজের দল। ২০০৫ সালে করাচিতে সেমিফাইনালে পাকিস্তানকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। এরপর ২০০৯ ও ২০১১ সালের ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়। ২০১৩ সালে পাকিস্তান ২-১ গোলে জিতলেও ২০১৮ সালের সর্বশেষ দেখায় বাংলাদেশ ১-০ গোলে জয় পায়।
এর আগে শনিবার প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ভুটান। সাফ চ্যাম্পিয়নশিপে আগের তিন দেখাতেই ভুটানকে হারিয়েছে ভারত। অন্যদিকে, ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভুটান।
ন্যাশনিক্স/এলকে
