দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরে আবারও ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে একাধিক সিনেমা ও নতুন ওয়েব ফিল্মের কাজ নিয়ে সক্রিয় এই জনপ্রিয় নায়িকা। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন নতুন ওয়েব ফিল্ম ‘শিকার’-এ, যা পরিচালনা করছেন নির্মাতা কামরুজ্জামান রোমান।
ইতোমধ্যে ওয়েব ফিল্মটির প্রি-প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। পরিচালক জানিয়েছেন, অপু বিশ্বাসকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী গল্প উপস্থাপন করার লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
জানা গেছে, ‘শিকার’-এর শুটিং হবে নেপালে। আগামী মার্চ মাসে পুরো ইউনিট নিয়ে সেখানে শুটিং শুরু করবেন নির্মাতা রোমান। সিনেমার একটি বড় অংশের দৃশ্যধারণ নেপালেই করা হবে।
নির্মাতা সম্পর্কে নিজের অভিমত জানিয়ে অপু বিশ্বাস বলেন, কামরুজ্জামান রোমান একজন প্রতিভাবান নির্মাতা, যিনি গল্প ও নির্মাণ উভয় ক্ষেত্রেই যথেষ্ট যত্নশীল। গল্পের ভিন্নতা ও পরিচালনার দক্ষতা দর্শকদের আকৃষ্ট করবে বলে তিনি আশাবাদী।
ওয়েব ফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ আরও বেশ কয়েকজন শিল্পী। রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে এই ওয়েব ফিল্মটি।
এদিকে অপু বিশ্বাস বর্তমানে আরও দুটি নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাগুলো হলো বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ এবং কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ দুটোরই শুটিং চলছে।
