আগামীকাল (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের নিলাম। তার আগে শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশীয় খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। যেখানে বড় চমক হিসেবে নিলাম থেকে বাদ পড়েছেন জাতীয় দলে খেলা ব্যাটার এনামুল হক বিজয় এবং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
বিসিবি জানায়, গত আসরে যেসব খেলোয়াড়ের বিরুদ্ধে ফিক্সিং সন্দেহ ছিল, তারা নিলামের চূড়ান্ত তালিকায় থাকবেন না। শেষ মুহূর্তে প্রকাশিত তালিকায় দেখা যায় বিজয় ও মোসাদ্দেক ছাড়াও আলাউদ্দিন বাবু, শফিউল ইসলাম, মিজানুর রহমান, নিহাদউজ্জামান ও সানজামুল ইসলামকে রাখা হয়নি।
এর আগে বিজয়-মোসাদ্দেক দুজনই ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন, যার ভিত্তি মূল্য ২২ লাখ টাকা।
অন্যদিকে, ‘সি’ ক্যাটাগরিতে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে রহস্যময় স্পিনার আলিস আল ইসলামকে যার নাম আগের তালিকায় ছিল না।
তৃতীয় ক্যাটাগরির অপেক্ষমান তালিকায় রয়েছে দেশের ১৭ ক্রিকেটার। উল্লেখযোগ্য নাম-
আফিফ হোসেন, এবাদত হোসেন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাহিদ রানা, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও তাইজুল ইসলাম।
চূড়ান্ত তালিকায় দেশীয় ক্রিকেটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯ জন। ক্যাটাগরি অনুযায়ী সংখ্যা হলো-
এ ক্যাটাগরি: ২ জন (লিটন দাস, নাঈম শেখ)
বি ক্যাটাগরি: ১২ জন; সি ক্যাটাগরি: ১৭ জন; ডি ক্যাটাগরি: ২৬ জন; ই ক্যাটাগরি: ৩৮ জন; এফ ক্যাটাগরি: ৬৩ জন
নিলামের নিয়ম অনুযায়ী প্রতিটি দলকে অবশ্যই কিনতে হবে-
‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে অন্তত ২ জন,
‘সি’ ও ‘ডি’ থেকে মোট ৬ জন,
‘ই’ থেকে ৩ জন,
আর ‘এফ’ থেকে কমপক্ষে ১ জন খেলোয়াড়।
চূড়ান্ত তালিকা প্রকাশের ফলে নিলামের আগেই আলোচনা তুঙ্গে। আগামীকালই জানা যাবে কে কোন দলে যাচ্ছেন এবং কার ভাগ্য খুলছে বিপিএলের এই নিলামে।
