ফরিদপুরে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

অবশ্যই পরুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল স্বাক্ষরিত আদেশে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, জনসাধারণের জানমালের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি শনিবার (২৯ নভেম্বর) পৌর সদরের আসাদুজ্জামান বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে একটি সমাবেশের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকার কথা কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

অন্যদিকে একই দিন বিকেল ৩টায় আরিফুজ্জামান উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির আরেকটি পক্ষ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। দুই পক্ষের আলাদা আলাদা কর্মসূচির কারণে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয় এ বিষয়টি বিবেচনায় রেখে প্রশাসন ১৪৪ ধারা প্রয়োগ করেছে।

ঘোষণায় বলা হয়েছে, শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলফাডাঙ্গা পৌরসভার স্কুল, মাঠ ও বাজার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ, মিছিল, গণজমায়েত এবং পাঁচজনের বেশি মানুষের একত্রে অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহনও কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ