রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গৃহহীন হওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্র্যাকপ্লাটুন বাংলাদেশ। মানবিক সহায়তার অংশ হিসেবে অগ্নিদুর্গত শতাধিক পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
সাম্প্রতিক আগুনে কড়াইল বস্তির বহু ঘরবাড়ি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। সহায়–সম্বল হারিয়ে অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে তাদের দুর্দশা লাঘবে মাঠে নামে ক্র্যাকপ্লাটুন বাংলাদেশ।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা রান্না করা খাবার এবং শুকনো খাদ্যসামগ্রী নিয়ে দুর্গত এলাকায় পৌঁছে প্রত্যেক পরিবারের হাতে সরাসরি সহায়তা তুলে দেন। নারী, শিশু ও বয়স্কদের অগ্রাধিকার দিয়ে খাবার বিতরণ করা হয়। সহায়তা পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খাবার বিতরণে উপস্থিত সংগঠনের এক প্রতিনিধি বলেন,
“দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কড়াইল বস্তির অগ্নিকাণ্ড সবাইকে ব্যথিত করেছে। ক্ষতিগ্রস্ত মানুষ যেন অন্তত একবেলা খাবার পায়, এই উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ।”
স্বেচ্ছাসেবীরা শুধু খাদ্য সহায়তা নয়, বরং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন, শিশুদের সান্ত্বনা দেন এবং মানসিকভাবে সাহস যোগান।
স্থানীয়রা জানান, আগুনে ঘরবাড়ি হারিয়ে তারা চরম অসহায় অবস্থায় পড়েছিলেন। রান্নার উপকরণ না থাকায় খাবার জোগাড় করাই ছিল বড় চ্যালেঞ্জ। এই সময়ে ক্র্যাকপ্লাটুন বাংলাদেশের সহায়তা তাদের জন্য বড় ভরসা হয়ে দাঁড়ায়।
উল্লেখ্য, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে কড়াইল বস্তির কয়েকশ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনের তীব্র প্রয়োজন তৈরি হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যার মধ্যে ক্র্যাকপ্লাটুন বাংলাদেশের উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।
ন্যাশনিক্স/এলকে
