১৭৪ কোটি টাকার প্রকল্পে কাদামাটি ও নিম্নমানের পাথর, অভিযোগের তির বিএনপি নেতার দিকে

অবশ্যই পরুন

সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরুতেই নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক সম্প্রসারণে কাদাযুক্ত মাটি, ব্লক তৈরিতে নিম্নমানের পাথর এবং গাইড ওয়ালে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা। প্রায় ১৭৪ কোটি টাকার এই প্রকল্পে অনিয়মের পেছনে রাজনৈতিক প্রভাব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আওতাধীন প্রকল্পটির কাজ পেয়েছে অরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড (ওটিবিএল)। ছাতক থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ দুটি অংশে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে গোবিন্দগঞ্জ থেকে ছাতক সুরমা সেতুর পাগল হাসান চত্বর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক দুই লেনে উন্নীত করা এবং ছাতক বাজার থেকে পাগল হাসান চত্বর পর্যন্ত চার লেন নির্মাণের কাজ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকেই নির্মাণসামগ্রীর মান নিয়ে আপস করা হচ্ছে। সড়কের সুরক্ষায় মাধবপুর লালপুল এলাকায় প্রায় আড়াই লাখ ব্লক তৈরির লক্ষ্যমাত্রা থাকলেও এরই মধ্যে নিম্নমানের পাথর, পুরোনো কংক্রিট এবং নিম্নমানের বালু-সিমেন্ট দিয়ে প্রায় ২০ হাজার ব্লক তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া সড়ক সম্প্রসারণে শুকনো মাটির পরিবর্তে নদী ও কৃষিজমি থেকে উত্তোলিত কাদামাটি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সড়কের পাশে ময়লা-আবর্জনার ওপর মাটি ফেলার কারণে বৃষ্টি বা পানির স্রোতে সড়কের অংশ ধসে পড়ার আশঙ্কাও করছেন তাঁরা। কাজের স্থানে প্রকল্পের তথ্যসংবলিত সাইনবোর্ড না থাকা এবং যথাযথ তদারকির অভাব নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, রাতের আঁধারে সুরমা নদী থেকে ভিট-বালু উত্তোলন করে সিলেট-সুনামগঞ্জ সড়কের কাজীবাড়ি এলাকায় মজুত করা হচ্ছে। পরে সেখান থেকে প্রকল্পের কাজে এসব বালু সরবরাহ করা হচ্ছে। এ সরবরাহ কার্যক্রমের সঙ্গে সিলেট সদর উপজেলার বাসিন্দা চমক আলীর নাম উঠে এসেছে।

তবে চমক আলী দাবি করেছেন, তিনি শুধু মাটি ভরাটের কাজ করছেন। ভেজা মাটির অজুহাতে গত সপ্তাহে কর্তৃপক্ষ কয়েক দিনের জন্য তাঁর কাজ বন্ধ রেখেছিল বলেও জানান তিনি।

অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএলের ডিপিএম প্রকৌশলী সজল হাওলাদার দাবি করেন, কাজের মান ঠিক রাখা হচ্ছে। তাঁর ভাষ্য, সিডিউল অনুযায়ী নির্ধারিত পাথর ব্যবহার করা হচ্ছে এবং ব্লকে ব্যবহারের আগে পাথর ধুয়ে নেওয়া হয়।

ছাতক সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাদাৎ হোসেন বলেন, ভোলাগঞ্জ কোয়ারি বন্ধ এবং সুনামগঞ্জে সাদা পাথর না পাওয়ায় শারফিনের পাথর ব্যবহার করা হচ্ছে। রাতে পাথর আনা হলে পরদিন তা ধুয়ে নেওয়া হয়। তাঁর দাবি, কাজের ৯৫ শতাংশ মানসম্মত হচ্ছে।

তবে প্রকল্পের শুরুতেই ওঠা এসব অভিযোগের বিষয়ে স্বচ্ছ তদন্ত ও নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরকারি অর্থে বাস্তবায়নাধীন গুরুত্বপূর্ণ সড়কটির কাজ নির্ধারিত মান ও নীতিমালা মেনে হচ্ছে কি না, তা নিশ্চিত করার দাবি তাঁদের।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ