আট দফা গণদাবি বাস্তবায়ন এবং আগামী ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশ-বিদেশে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ও সাংগঠনিক নির্দেশনার কথা জানানো হয়।
ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, সাজানো রায় ও মিথ্যা মামলা প্রত্যাহার, দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সব রাজবন্দির মুক্তি, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বন্ধ শিল্পকারখানা চালু, নাগরিকদের জানমালের নিরাপত্তা এবং শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর (শনিবার) সারাদেশে আট দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করা হবে। ১৫ নভেম্বর (রবিবার) সব সাংগঠনিক ইউনিটে দাবির সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
১৬ নভেম্বর (সোমবার) জেলা পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এবং কেন্দ্রীয়ভাবে ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে। একই দিনে প্রবাসী শাখাগুলোর উদ্যোগে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরেও স্মারকলিপি পেশ করা হবে।
এ ছাড়া ১৭ নভেম্বর (মঙ্গলবার) শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত রায়ের প্রতিবাদে দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে দলটি। এদিন কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয় ও নির্ধারিত স্থানে কালো পতাকা উত্তোলন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির শেষ দিন ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে সকাল-সন্ধ্যা লকডাউন পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় যানবাহন, দোকানপাট, শিল্পকারখানা, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদমাধ্যম, হাসপাতাল ও ওষুধের দোকানকে জরুরি সেবার আওতাভুক্ত রেখে লকডাউনের বাইরে রাখার কথা জানিয়েছে দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সব পর্যায়ের সাংগঠনিক ইউনিট এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মসূচি সফল করতে দেশবাসীর সহযোগিতাও কামনা করেছে দলটি।
