চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে ঢাকার সাভার ও আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া গাজীপুর শিল্পাঞ্চলে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও পাঁচটি কারখানায় রোববার (১৫ নভেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা, লে-অফ ও অনির্দিষ্টকালের জন্য বন্ধসহ বিভিন্ন কারণে অর্ধশতাধিক কারখানা আজও বন্ধ রেখেছেন মালিকরা। এর বাইরে পুরো শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন।
তিনি বলেন, পাঁচটি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছিলেন। এর মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকরা আবার কাজে ফিরেছেন। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সাভার ও আশুলিয়ায় বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ৩৬টি, অনির্দিষ্টকালের জন্য ১৪টি এবং মৌখিক নির্দেশনায় পাঁচটি কারখানা বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ বলছে, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। রোববার সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নির্ধারিত সময়েই কারখানাগুলোর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।
এদিকে গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৩ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আট প্লাটুন সদস্য রয়েছেন। শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীগুলো।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
এর ধারাবাহিকতায় রোববার সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে প্রায় আধা ঘণ্টা পর তাঁরা সেখান থেকে সরে যান। এ ছাড়া গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকাতেও বিচ্ছিন্নভাবে শ্রমিকদের অবস্থান নেওয়ার খবর পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কোনাবাড়ী এলাকার মোট ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি মৌচাক, কোনাবাড়ী ও জরুন এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জেলার প্রায় ২ হাজার ৩০০টি পোশাক কারখানার মধ্যে বন্ধ ও ছুটি ঘোষিত ১৮টি বাদে বাকি সব কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ক্রমাগত শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি অনুকূলে এলে কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা পুনরায় খুলে দিতে পারবে।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কারখানার জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
ন্যাশনিক্স/এলকে
