নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে কাটানোর পর পর্তুগাল কোচ জর্জে জেসুসের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই পর্তুগালের পরবর্তী অনুশীলনে রোনালদো অংশ নেননি বলে খবর প্রকাশিত হয়েছে।
পর্তুগিজ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়ের বিপক্ষে মাঠে না নামায় জেসুসের ওপর অসন্তুষ্ট রোনালদো বিষয়টি নিয়ে কোচ ও পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান।
আন্তর্জাতিক বিরতির আগে দুই ম্যাচেই রোনালদোর খেলার বিষয়ে জেসুসের সঙ্গে সমঝোতা হয়েছিল বলে জানা গেছে। নরওয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানোর পরিকল্পনাও ছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচের পরিস্থিতি বিবেচনায় রোনালদোকে নামাননি জেসুস।
১৮ বছর পর প্রথমবার পর্তুগালের কোনো ম্যাচে পুরো সময় বেঞ্চে কাটান রোনালদো। এরপর অনুশীলনে তার অনুপস্থিতি বিষয়টি আরও আলোচনায় এনেছে।
তবে রোনালদোর অসন্তুষ্টি কিংবা অনুশীলনে না থাকার বিষয়ে তার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। জেসুসও জানিয়েছেন, রোনালদোকে মাঠে না নামানোর অর্থ এই নয় যে দলের পরিকল্পনায় তিনি নেই।
ন্যাশনিক্স/এলকে
