কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন। মামলায় আবদুল হালিমকে একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। তবে পরবর্তী সময়ে আবদুল হালিম ওই জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন বাদী।
ইদ্রিস আলীর অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তাঁর সহযোগীরা তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় বাড়ির বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করা হয়। পাশাপাশি ঘর থেকে খাট, টিনসহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
বাদীর আরও অভিযোগ, ঘটনার পর বিচার চাইতে গেলে উল্টো তাঁর বিরুদ্ধে মামলা করা হয় এবং তাঁকে কারাগারে যেতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম জমিটি দখল করেছেন। এ নিয়ে কথা বললে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন আবদুল হালিম। তিনি বলেছেন, মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর দাবি, ইদ্রিস আলীর সঙ্গে এলাকার অনেকের বিরোধ রয়েছে এবং কারও প্ররোচনায় তিনি মামলা করে থাকতে পারেন।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন দৌলতপুর থানার উপপরিদর্শক মহসীন চৌধুরী।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর দিবাগত রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নুসরাত ও এনসিপির নেতারা পেট্রলবোমা হামলার অভিযোগ তুলেছিলেন। এর মধ্যেই তাঁর বাবার বিরুদ্ধে জমি দখল, ভাঙচুর ও মারধরের মামলা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
একই পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট দুটি ঘটনা সামনে আসায় বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে উভয় ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব অভিযোগের নিষ্পত্তি হওয়া জরুরি।
