লগি-বৈঠা হাতে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ শহর। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের আশপাশে জড়ো হতে থাকেন। পরে দুপুরে তারা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা গোপালগঞ্জ সরকারি কলেজের মূল ফটকের সামনে গিয়ে ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলকটি ভেঙে ফেলেন। পরে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন। এ সময় কলেজের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
এরপর বিক্ষোভকারীরা ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। শহরের বিভিন্ন স্থানে টানানো বিএনপির ব্যানার ও ফেস্টুনও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি এপিসিতে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন বিক্ষোভকারীরা।
এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নামফলক টাঙানো হয়েছে।
বিক্ষোভের একপর্যায়ে গোপালগঞ্জ প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুরের অভিযোগও ওঠে।
সকাল থেকেই লগি-বৈঠা হাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল ও শহরের বিভিন্ন স্থানে অবস্থানকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
