আজকের এল ক্লাসিকো জিততে পারলেই লা লিগার শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা।

অবশ্যই পরুন

কাতালুনিয়ায় জমে উঠেছে মৌসুমের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই। লা লিগার শিরোপা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ রাত ১টায় চিরপ্রতিদ্বন্দ্বী FC Barcelona-এর মুখোমুখি হবে Real Madrid।

পয়েন্ট টেবিলে বর্তমানে রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সেলোনা। ফলে আজকের এল ক্লাসিকোতে জয় পেলে গাণিতিকভাবে চলতি মৌসুমের লা লিগা শিরোপা নিশ্চিত করবে হান্সি ফ্লিকের দল। এমনকি ড্র করলেও শিরোপার খুব কাছে পৌঁছে যাবে কাতালানরা।

এবারের এল ক্লাসিকো বার্সেলোনার জন্য ঐতিহাসিক গুরুত্বও বহন করছে। ক্লাবটির ইতিহাসে এই প্রথম এল ক্লাসিকো জিতে সরাসরি লিগ শিরোপা নিশ্চিত করার সুযোগ এসেছে।

২০২৩ সালের মার্চে ঘরের মাঠে সর্বশেষ এল ক্লাসিকোতে জাভির অধীনে ২-১ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বার্সেলোনা। এবার হান্সি ফ্লিকের অধীনে আরও আত্মবিশ্বাসী দল নিয়ে মাঠে নামছে কাতালান জায়ান্টরা।

সব ধরনের অফিসিয়াল প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে বর্তমানে রিয়াল মাদ্রিদের জয় ১০৬টি, আর বার্সেলোনার ১০৫টি। ফলে আজ জয় পেলে সর্বকালের এল ক্লাসিকো রেকর্ডেও সমতা আনবে বার্সা।

এদিকে মৌসুমের বাকি চার ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই বার্সেলোনার পয়েন্ট হবে ১০০। এতে ২০১১-১২ মৌসুমে José Mourinho-এর রিয়াল মাদ্রিদের গড়া ১০০ পয়েন্টের রেকর্ডে ভাগ বসাবে তারা।

এছাড়া মৌসুমের বাকি সব ম্যাচ জিততে পারলে এক মৌসুমে সর্বোচ্চ ৩২ জয়ের রেকর্ডও ভাঙতে পারবে বার্সেলোনা। বর্তমানে এই রেকর্ড যৌথভাবে ধরে রেখেছে মরিনহোর রিয়াল এবং Tito Vilanova-র বার্সেলোনা।

আরও একটি অনন্য কীর্তির সামনে দাঁড়িয়ে বার্সা। রিয়াল মাদ্রিদ ও Real Betis-এর বিপক্ষে আসন্ন দুই হোম ম্যাচে জিততে পারলে ৩৮ ম্যাচের লা লিগা ইতিহাসে প্রথম দল হিসেবে ঘরের মাঠে শতভাগ জয়ের রেকর্ড গড়বে তারা।

ইতিহাস বলছে, এল ক্লাসিকোতে লা লিগার শিরোপা নির্ধারণ হয়েছে মাত্র একবার। ১৯৩১-৩২ মৌসুমে বার্সেলোনার বিপক্ষে ২-২ গোলে ড্র করে নিজেদের প্রথম লিগ শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ