চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-কে জামিন দেননি হাইকোর্ট।
রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে এ আদেশ দেন।
তবে তার বিরুদ্ধে থাকা অন্য চার মামলায় জামিন আবেদনের আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত।
আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
এর আগে হত্যা মামলাসহ পৃথক পাঁচ মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট এ রুল জারি করেছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। পরে একই বছরের ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীদের বিক্ষোভকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
ন্যাশনিক্স/এলকে
