কোহলির সঙ্গে তুলনা করতেই রেগে গেলেন বাবর আজম

অবশ্যই পরুন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এক ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় তারকা বিরাট কোহলির সঙ্গে নিজের ফিনিশিং সামর্থ্যের তুলনা শুনে রীতিমতো বিরক্ত হয়েছেন বাবর আজম। পেশোয়ার জালমির অধিনায়ক সাংবাদিককে কড়া ভাষায় বলেন, এ ধরনের তুলনা বন্ধ করে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পিএসএল ম্যাচে হায়দরাবাদ কিংসমেনকে ৪ উইকেটে হারায় পেশোয়ার জালমি। আগে ব্যাট করে কুশল পেরেরার ৫৮ রানের ইনিংস ছাড়া বাকিদের ব্যর্থতায় হায়দরাবাদ ১৪৫ রানে অলআউট হয়। জবাবে বাবর আজমের ৪৩ রানের ইনিংসের পাশাপাশি কুশল মেন্ডিস ও মাইকেল ব্রেসওয়েলদের অবদানে ৪ উইকেট হাতে রেখে জয় পায় পেশোয়ার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাবরকে প্রশ্ন করেন, শটের ধরনে মিল থাকলেও কোহলি যেভাবে ধারাবাহিকভাবে ম্যাচ শেষ করতে পারেন, সেখানে বাবর কিছুটা পিছিয়ে। এমন প্রশ্নে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

বাবর বলেন, “চলুন, এই আলোচনা এখানেই শেষ করি। এই ধরনের চিন্তা নিজের কাছেই রাখুন। তুলনা করা বন্ধ করে সামনে এগিয়ে যান। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা যে আমি ম্যাচ শেষ করে আসিনি।”

ম্যাচ ফিনিশ করার প্রসঙ্গে বাবর নিজের পরিস্থিতিগত চ্যালেঞ্জের ব্যাখ্যা দেন। তিনি বলেন, “মূল বিষয় হলো কন্ডিশন বা পরিস্থিতি। দলের কী প্রয়োজন, রান রেট কত, কীভাবে খেলতে হবে এবং পিচ কেমন আচরণ করছে—সেসব ভাবতে হয়।”

কঠিন সময় সামলানো নিয়ে তিনি আরও বলেন, “মাঝে মাঝে মনে হয় বলটা সহজ, কিন্তু ঠিকমতো খেলা যায় না। শট মারা হলেও বল ফাঁকা জায়গায় যায় না। ওই মুহূর্তগুলোতে আমি নিজেকে আমার শক্তি, খেলার পরিকল্পনা এবং সেরা পদ্ধতির কথা মনে করিয়ে দিই। উন্নতি সময়ের সঙ্গে আসে। আমি অনেক ম্যাচ শেষ করেছি, আপনার মনে হতে পারে করিনি, কিন্তু আমি করেছি।”

বাবরের এই প্রতিক্রিয়ার দিনে অবশ্য জয়ের স্বাদ পেয়েছে তার দল পেশোয়ার জালমি।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ