ধরগাঁওয়ে সাবেক এমপি হাবিবের বাড়িতে ফের উত্তেজনা, পুলিশের অভিযানের নামে ঘরে ঘরে তল্লাশি ও নারীদের হয়রানির অভিযোগ

অবশ্যই পরুন

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও এলাকায় নতুন করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য অভিযান চালিয়ে বাড়ি বাড়ি প্রবেশ করছেন। কোথাও কোথাও দরজা ভেঙে ঘরে ঢুকে তল্লাশি চালানোর অভিযোগও উঠেছে।

স্থানীয়দের দাবি, অভিযানের সময় বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মীকেও পুলিশের সঙ্গে দেখা গেছে। বাড়ির পুরুষ সদস্যদের না পেয়ে পরিবারের নারী সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসীর কেউ কেউ। এতে নারী ও শিশুসহ পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, এর আগে সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সেই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের একাংশের আশঙ্কা, আগের ঘটনার জের ধরে নিরীহ গ্রামবাসী ও পরিবারের সদস্যদের ওপর প্রতিশোধমূলক আচরণ করা হচ্ছে।

এলাকাবাসীর প্রশ্ন, কোনো অপরাধের অভিযোগ থাকলে আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু অভিযানের নামে পরিবারের নারী সদস্যদের হয়রানি কিংবা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়।

তাঁরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, নিরীহ মানুষের নিরাপত্তা এবং নারীদের সম্মান ও মর্যাদা রক্ষার দাবি জানিয়েছেন। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

এদিকে, ধরগাঁওয়ের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিরীহ পরিবারগুলো যেন কোনো ধরনের হয়রানি ও প্রতিশোধের শিকার না হয়, সে জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ