বিএনপি এমপি মালিকের একের পর এক বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডে বিব্রত সিলেটবাসী, উঠছে অপসারণের দাবি

অবশ্যই পরুন

সিলেট-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এমএ মালিকের একের পর এক বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে এলাকায় সমালোচনা তৈরি হয়েছে। তাঁর বিভিন্ন সময়ের বক্তব্যের ধরন ও রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। বিশেষ করে নারীদের নিয়ে আপত্তিকর ও নারীবিদ্বেষী বক্তব্য এবং রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করে দেওয়া মন্তব্যগুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন অনেকে।

এর আগেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে অশালীন ভাষায় বক্তব্য দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়েছিলেন এমএ মালিক। ২০২১ সালের ২৭ এপ্রিল দেওয়া তাঁর বক্তব্য নিয়ে সে সময় সিলেটসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। বিষয়টি গণমাধ্যমেও আলোচিত হয়।

এ ছাড়া ২০২৬ সালের জুন মাসে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রার্থী ও গহরপুরের মানুষকে নিয়ে তাঁর বক্তব্য ঘিরেও নতুন করে বিতর্ক তৈরি হয়। এসব ঘটনায় তাঁর বক্তব্যের ভাষা, রাজনৈতিক সহনশীলতা ও একজন জনপ্রতিনিধির দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে।

সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করছেন সমালোচকেরা। বিশেষ করে সিলেট-৩ আসনের সাধারণ মানুষের প্রত্যাশা, একজন সংসদ সদস্য তাঁর বক্তব্য ও আচরণে দায়িত্বশীলতা, শালীনতা এবং সর্বসাধারণের প্রতি সম্মান বজায় রাখবেন।

স্থানীয়দের একাংশের দাবি, জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। তাঁরা মনে করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ, নারীদের অবমাননা কিংবা অশালীন ভাষার কোনো গ্রহণযোগ্যতা থাকা উচিত নয়।

এ পরিস্থিতিতে এমএ মালিকের বক্তব্য ও কর্মকাণ্ডের বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন সমালোচকেরা। তাঁদের দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ পর্যালোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনে সংসদ সদস্য পদে তাঁর ভূমিকা ও আচরণ পর্যালোচনার দাবিও উঠছে।

সিলেট-৩ আসনের ভোটারদের প্রত্যাশা, ব্যক্তিগত বক্তব্য কিংবা রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে উঠে একজন সংসদ সদস্য জনগণের মর্যাদা, সামাজিক মূল্যবোধ ও রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করবেন। জনস্বার্থে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বের কার্যকর ভূমিকা চান তাঁরা।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ