গোপালগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন স্থানীয় যানবাহন চালক ও বাইকাররা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, ভোর থেকেই পৌর এলাকার অন্তত সাতটি ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ ছিল। চালকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি না পেয়ে বিকেলের দিকে শহরের মান্দারতলা এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।
অবরোধের ফলে প্রায় দুই কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে। আন্দোলনকারীরা দাবি করেন, স্টেশনগুলোতে তেল মজুত থাকলেও তা সরবরাহ করা হচ্ছিল না, যার প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন জীবনে।
তবে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, দীর্ঘ সময় ধরে টানা তেল সরবরাহ করতে গিয়ে কর্মীরা অসুস্থ হয়ে পড়ছেন এবং জনবল সংকটের কারণে বিতরণে বিলম্ব হচ্ছে।
খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধকারীদের সরিয়ে এবং সড়ক থেকে প্রতিবন্ধকতা অপসারণের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ন্যাশনিক্স/এএএইচপি
