বিমানবন্দরে ৮৩ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার এক মোয়াল্লেম

অবশ্যই পরুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অভিযান চালিয়ে প্রায় ৮৩ লাখ টাকার স্বর্ণ ও বিপুল বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার ৯ এপ্রিল আগমনী ক্যানোপি-২ এর খোলা পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তার কাছ থেকে ৪৯৯.১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা। এছাড়া উদ্ধার করা হয় ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা।

তথ্য অনুযায়ী, মফিদুল ইসলাম এসভি-৮০৮ ফ্লাইটে সৌদি আরব থেকে সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয়। আটক করার সময় তিনি পালানোর চেষ্টা করেন বলে জানায় সংশ্লিষ্টরা।

পরে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হলে তার হাতব্যাগ থেকে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিভিন্ন দেশ থেকে যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ দেশে আনা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি একটি চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত থেকে রিসিভার হিসেবে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। স্বর্ণসহ অন্যান্য অবৈধ পণ্য পাচার ঠেকাতে তারা কঠোর অবস্থানে রয়েছে।

গ্রেপ্তারকৃত মফিদুল ইসলাম খুলনা জেলার লবণচরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ