ন্যাটো মিত্র হওয়া সত্ত্বেও প্রতিরক্ষা ব্যয় বাড়াতে অনীহা এবং ইরানবিরোধী অভিযানে সামরিক ঘাঁটি ব্যবহারে অস্বীকৃতি জানানোর অভিযোগ তুলে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প এ মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের ব্যবসায়িক লেনদেন বন্ধের বিষয়ে নির্দেশ দিয়েছেন। স্পেনকে ‘অবন্ধুসুলভ’ দেশ হিসেবে উল্লেখ করে দেশটির নেতৃত্বেরও তীব্র সমালোচনা করেন তিনি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের বিষয়টি বিবেচনা করছে এবং ওয়াশিংটন আর মাদ্রিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে আগ্রহী নয়।
তার অভিযোগ, ন্যাটো দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার যে আহ্বান তিনি জানিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছে স্পেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পরিকল্পনা ‘অপারেশন এপিক ফিউরি’ বাস্তবায়নের ক্ষেত্রে কিছু স্প্যানিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার ইঙ্গিতও দিয়েছে মাদ্রিদ।
‘অপারেশন এপিক ফিউরি’ মূলত ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতিমূলক একটি মার্কিন পরিকল্পনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় স্পেনের রোটা নৌঘাঁটি এবং মোরন বিমানঘাঁটি ব্যবহারের সুযোগ পেয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে এসব ঘাঁটির সার্বভৌমত্ব স্পেনের হাতেই থাকে এবং চুক্তির নির্ধারিত সীমার বাইরে কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্পেনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
ন্যাশনিক্স/এপি
