কক্সবাজারের উখিয়ায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা এক মামলায় জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
কারাগারে পাঠানো ওই নেতার নাম সাইদুল আরেফিন মিরাজ (২৮)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে এবং স্থানীয় জামায়াতের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী এক প্রবাসীর স্ত্রী। পারিবারিক কলহের কারণে তিনি প্রথম স্বামীর সঙ্গে আলাদা হয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এই সময় মিরাজ তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং প্রতারণার মাধ্যমে বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর মিরাজ ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও মোবাইলে ধারণ করেন এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একই সঙ্গে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থও হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন, প্রায় ১৮ দিন ধরে তাকে কক্সবাজার শহরের একটি ভাড়া বাসায় মিথ্যা প্রলোভন দেখিয়ে আটকে রাখা হয়েছিল। এ ঘটনার পর তিনি পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি আরও যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
ন্যাশনিক্স/এএএইচপি
