শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে আগাম সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন। একই সঙ্গে শেখ হাসিনার পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে ‘বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে মাইকেল রুবিন বলেন, শেখ হাসিনার কোনো ধরনের ক্ষতি হলে এর সম্পূর্ণ দায়ভার বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে নিতে হবে।
রুবিন বলেন, শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে তারেক রহমানসহ সংশ্লিষ্টদের আগাম সতর্ক করা প্রয়োজন। এ বার্তা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ অন্যান্য দেশের কূটনীতিকদের প্রতিও আহ্বান জানান তিনি।
শুধু তাই নয়, শেখ হাসিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আপস না করতে ভারতের প্রতিও আহ্বান জানিয়েছেন সাবেক এই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। তাঁর বক্তব্যে শেখ হাসিনার নিরাপত্তা ও দেশে ফেরার বিষয়টি আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনায় গুরুত্ব পাওয়ার বিষয়টি উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। দেশে ফেরার বিষয়ে তাঁর ঘোষণার পর বিষয়টি ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা আরও জোরালো হয়েছে।
তবে বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে গ্রেপ্তার ও প্রত্যর্পণ প্রক্রিয়ার কথা জানিয়েছে। ফলে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
উল্লেখ্য, মাইকেল রুবিন এর আগেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শেখ হাসিনার নিরাপত্তা প্রশ্নে তাঁর সর্বশেষ বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহ ও উদ্বেগের নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
