বিশ্বজুড়ে পবিত্র রমজান মাস পালিত হচ্ছে। তবে ফ্রান্সের শীর্ষ ফুটবল লিগ Ligue 1-এ ম্যাচ চলাকালে ইফতারের জন্য আনুষ্ঠানিক কোনো বিরতির বিধান নেই। এমন পরিস্থিতিতে মুসলিম সতীর্থদের রোজা ভাঙার সুযোগ করে দিয়ে আলোচনায় এসেছেন Anthony Lopes।
রোববার (২২ ফেব্রুয়ারি) এফসি নঁতে ও লে হাভরের ম্যাচের ৭৪তম মিনিটে ইফতারের সময় হলে নঁতের পর্তুগিজ গোলরক্ষক অ্যান্থনি লোপেজ বাম পায়ে চোটের ভান করে মাঠে বসে পড়েন। চিকিৎসক দল মাঠে প্রবেশ করলে খেলা সাময়িকভাবে বন্ধ থাকে।
এই স্বল্প বিরতিতে নঁতের কয়েকজন মুসলিম ফুটবলার টাচলাইনে গিয়ে পানি ও খেজুর খেয়ে ইফতার সম্পন্ন করেন। কিছুক্ষণ পর লোপেজ আবার উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই খেলায় ফিরে যান। ম্যাচটি নঁতে ২-০ গোলে জেতে।
বিদেশি গণমাধ্যমের তথ্যমতে, ফরাসি ফুটবলের নিয়মে ধর্মীয় কারণে খেলা থামানোর অনুমতি নেই। ফলে আনুষ্ঠানিক বিরতি সম্ভব না হওয়ায় এমন কৌশল নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ভাইরাল হলে লোপেজের মানবিক আচরণের প্রশংসা করেন অনেকেই।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২১ সাল থেকে সূর্যাস্তের সময় রোজাদার খেলোয়াড়দের ইফতারের সুযোগ দিতে রেফারিরা স্বল্প বিরতির অনুমতি দিয়ে আসছেন। তবে ফ্রান্সে এখনো এমন নিয়ম চালু হয়নি।
ন্যাশনিক্স/এলকে
