বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত রবিবারও আটটি পদে পরিবর্তন আনা হয়েছিল।
নতুন আদেশ অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি লে. জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে ১৯ পদাতিক ডিভিশন থেকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) পদে আনা হয়েছে। এজি হিসেবে দায়িত্ব পালনকারী মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে।
এদিকে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে ২২ ফেব্রুয়ারি আটজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়। তখন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং ওই পদে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান দায়িত্ব নেন।
ন্যাশনিক্স/এলকে
