রমজানে লেবু, শসা, বেগুন ও কাঁচা মরিচের দাম এখনো চড়া

অবশ্যই পরুন

পবিত্র রমজান শুরুর এক সপ্তাহ পর রাজধানীর বাজারে কিছু পণ্যের দামে আংশিক স্বস্তি মিলেছে। বিশেষ করে পেঁয়াজ ও মুরগির দাম সাম্প্রতিক দিনে কিছুটা কমেছে। তবে লেবু, শসা, বেগুন ও কাঁচা মরিচ এখনো তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, লেবুর হালি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। বড় ও ভালো মানের লেবুর দাম আরও বেশি। রোজা শুরুর আগে হালি প্রতি দাম ১০০ টাকার বেশি ছিল। সে হিসাবে কিছুটা কমলেও রোজার ১৫ দিন আগের তুলনায় দাম এখনো অনেক বেশি।

শসার ক্ষেত্রেও একই চিত্র। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। বেগুনের দাম কেজিতে প্রায় ২০ টাকা কমে এখন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম রয়েছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় শসার দাম প্রায় ৭৮ শতাংশ, কাঁচা মরিচের দাম ৭৭ শতাংশ এবং বেগুনের দাম ৬২ শতাংশ বেশি।

অন্যদিকে আলু, টমেটো, শিম, মুলা ও পেঁপের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। আলু কেজিতে ১৮-২০ টাকা, টমেটো ও শিম ৪০-৫০ টাকা এবং মুলা ও পেঁপে ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গ্রীষ্মকালীন কিছু সবজি যেমন শজনে, করলা, ঢ্যাঁড়স ও বরবটির দাম তুলনামূলক বেশি।

বিক্রেতারা জানান, রমজান শুরুর আগে হঠাৎ বাড়তি চাহিদার কারণে কিছু পণ্যের দাম বেড়েছিল। এখন সরবরাহ কিছুটা বাড়ায় দাম ধীরে ধীরে কমছে। তবে মৌসুম শেষের দিকে হওয়ায় লেবুর সরবরাহ কম, ফলে দাম এখনো বেশি রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ