আসন্ন বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনে প্রার্থী হতে এফসি বার্সেলোনার সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোয়ান লাপোর্তা। তার পদত্যাগের পর ক্লাবের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফায়েল ইউস্তে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নিয়মিত সভায় লাপোর্তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। একই সভায় আগামী ১৫ মার্চ বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনের সময়সূচিও ঘোষণা করা হয়।
লাপোর্তার সঙ্গে একাধিক পরিচালকও পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ইনস্টিটিউশনাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট অ্যালেনা ফর্ত, সোশ্যাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট রাফায়েল এসকুদেরো এবং বোর্ড সদস্য ফেরান অলিভার, জোসেপ মারিয়া আলবের্ত, জাভিয়ার বারবান্যি, মিকেল ক্যাম্পস, অরেলি মাস, জাভিয়ার পুইগ ও জোয়ান সোলের ই ফেরে।
তবে এসব পরিবর্তনের পরও ক্লাবের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ আগামী ৩০ জুন পর্যন্ত পুনর্গঠিত বোর্ড দায়িত্ব পালন করবে।
এই সময়ের জন্য রাফায়েল ইউস্তেকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। পাশাপাশি ভাইস-প্রেসিডেন্ট ও সেক্রেটারির দায়িত্বে থাকছেন জোসেপ কুবেলস, ট্রেজারার হিসেবে থাকবেন আলফনসো কাস্ত্রো। বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জোসেপ ইগনাসি মাসিয়া, আঞ্জেল রিউদালবাস, জোয়ান সোল ই সুস্ত ও সিসকো পুজল।
ন্যাশনিক্স/এপি
