পিসিবির অবস্থান বদল, ভারতের বিপক্ষে খেলতে প্রস্তুত পাকিস্তান

অবশ্যই পরুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই সবচেয়ে আলোচিত বিষয় ছিল ভারত–পাকিস্তান ম্যাচ। তবে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ায় ক্রিকেটবিশ্বে ব্যাপক আলোড়ন তৈরি হয়। শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ভারতীয় সংবাদমাধ্যম NDTV–এর বরাতে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মধ্যস্থতায় একটি সমঝোতার পথ তৈরি হয়েছে। এর ফলে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলতে সম্মত হচ্ছে পাকিস্তান।

সূত্রের দাবি, International Cricket Council স্পষ্ট করে জানিয়েছিল যৌক্তিক কারণ ছাড়া ম্যাচ বয়কট করলে পাকিস্তান ক্রিকেটকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনায় বসে আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এই আলোচনায় বিসিবির পক্ষ থেকে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম সংকট নিরসনের আহ্বান জানান এবং ক্রিকেটীয় সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় আইসিসির প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।

বিশ্লেষকদের মতে, ম্যাচটি বাতিল হলে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা ছিল। এই ক্ষতির বড় অংশের প্রভাব পড়ত সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর, যা সিদ্ধান্ত পরিবর্তনের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

যদিও পাকিস্তানের খেলায় ফেরার বিষয়ে নীতিগত সমর্থন তৈরি হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর অনুমোদন মিললেই আনুষ্ঠানিক ঘোষণা দেবে পিসিবি।

এদিকে আইসিসি পাকিস্তানের সব দাবি মানেনি বলেও প্রতিবেদনে বলা হয়েছে। বিশেষ করে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু করার দাবি প্রত্যাখ্যান করা হয়েছে, কারণ বিষয়টি ভারতের সরকারি সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট। তবে বাংলাদেশের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে বড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে আইসিসি।

সব মিলিয়ে, দীর্ঘ নাটকীয়তার পর ভারত–পাকিস্তান ম্যাচ আয়োজনের সম্ভাবনাই এখন সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ