নেত্রকোনার সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রের বুথ কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথে এই ঘটনা ঘটে।
আগুনে বুথ কক্ষে থাকা দুটি বেঞ্চ, একটি ফ্যান ও লাইট পুড়ে যায়। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের ধারণা, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে স্থানীয়রা আগুনের বিষয়টি টের পেয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন সকালে পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।
পুলিশ জানায়, বিদ্যালয়টিতে মোট সাতটি বুথ রয়েছে। এর মধ্যে পুরাতন ভবনে চারটি বুথ ছিল। ওই ভবনের একটি বুথের পেছনের জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।
ন্যাশনিক্স/এএএইচপি
