ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচ না খেলার যে সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তা নিয়ে নতুন করে চাপে পড়েছে সংস্থাটি। আইসিসির সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্তে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকের পর পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে মাঠে না নামার নির্দেশ দিলেও, পরিস্থিতি এখন অন্যদিকে মোড় নিচ্ছে। লাহোরে আইসিসির সঙ্গে বৈঠকের পর পিসিবির অবস্থান নরম হওয়ার আভাস পাওয়া গেছে।
এরই মধ্যে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবিকে একটি ই-মেইল পাঠিয়ে আমিরাতের ক্রিকেট বোর্ড এই অনুরোধ জানায়।
চিঠিতে ইসিবি উদ্বেগ প্রকাশ করে জানায়, ভারত-পাকিস্তান ম্যাচটি না হলে বিশ্বজুড়ে এর বড় ধরনের আর্থিক প্রভাব পড়বে। বিশেষ করে সহযোগী দেশগুলো আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে বলে উল্লেখ করা হয়।
ইমেইলে আরও বলা হয়, পাকিস্তানের সঙ্গে এমিরেটস ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং অতীতেও তারা পাকিস্তানের পাশে থেকে ভেন্যু ও ম্যাচ আয়োজন করেছে। পরিবারের একজন সদস্য হিসেবে পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে গ্রহণযোগ্য সমাধান খুঁজে নেওয়ার আহ্বান জানানো হয়।
পিসিবিকে রাজি করাতে মধ্যস্থতাকারী হিসেবে এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষে প্রতিনিধিত্ব করছেন তাদের জেনারেল সেক্রেটারি মুবাশ্বির উসমানি।
এদিকে গতকাল লাহোরে পিসিবি ও আইসিসির মধ্যে চার ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মহসিন নাকভি জানান, তিনটি দাবি পূরণ হলে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়টি বিবেচনা করবে পিসিবি। তবে তার আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাওয়া হয়েছে।
বৈঠক শেষে সংকট নিরসনে ইতিবাচক অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে পাকিস্তানের ম্যাচগুলোর আয়োজক দেশ শ্রীলঙ্কাও ভারত ম্যাচ বয়কট না করার অনুরোধ জানায়। ম্যাচটি না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বলেও জানায় তারা।
