সাকিবের গুরুত্ব দেখছেন সালাউদ্দিন, মার্চেই মাঠে ফেরার সম্ভাবনা

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সবকিছু অনুকূলে থাকলে আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই আবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে।

সম্প্রতি বোর্ড সভা শেষে বিসিবির পরিচালক আসিফ আকবর জানান, সাকিবের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং সংশ্লিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে তাকে নির্বাচনের জন্য বিবেচনায় নেওয়ার বিষয়ে বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এসব শর্ত পূরণ হলে নির্বাচক প্যানেল অবশ্যই সাকিবকে বিবেচনা করবে।

সাকিবের বিরুদ্ধে থাকা আইনি ও ব্যক্তিগত বিষয় নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানানো হয়েছে। আসিফ আকবর বলেন, আইনি বিষয়গুলো সরকার ও আদালতের এখতিয়ারভুক্ত, তবে বোর্ড একজন ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে দেখতে চায়। এ কারণে প্রশাসনিক পর্যায়ে সরকারের উচ্চমহলের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করা হবে।

বিসিবির এই অবস্থানের পর সাকিব আল হাসান আবারও আলোচনায় আসেন। এ প্রসঙ্গে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে মন্তব্য করা তার জন্য কঠিন। তবে সাকিবের গুরুত্ব নিয়ে তিনি স্পষ্ট বক্তব্য দেন। 

সালাউদ্দিন বলেন, সাকিবের মতো একজন অলরাউন্ডার দলে থাকলে ভারসাম্য অনেক বেড়ে যায়। একজন খেলোয়াড়ের মধ্যেই ব্যাটিং ও বোলিং দুই দিকের সমাধান মেলে। তিনি যোগ করেন, সাকিব ফিট থাকলে তাকে দলে চাইবে না এমন ভাবার কোনো কারণ নেই।

সাকিব আল হাসান নিজেও জাতীয় দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে তিনি দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথাও একাধিকবার জানিয়েছিলেন। তবে গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দেশে ফিরতে পারেননি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে অংশ নিয়ে তিনি বিজয়ী হন।

জাতীয় দলের নিয়মিত সদস্য ও সাবেক অধিনায়ক থাকা অবস্থায় তার রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে দেশের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়। এ সময় তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়। এসব জটিলতার মধ্যেই বিসিবি নতুন করে চেষ্টা করছে সাকিবকে আবার জাতীয় দলের ক্রিকেটে ফেরানোর।

শেষ পর্যন্ত সব প্রশাসনিক ও আইনি বিষয় সমাধান করে সাকিব আল হাসান জাতীয় দলে ফিরতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ