রাতে ফিরছে চ্যাম্পিয়নস লিগ, স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি চেলসি–বার্সেলোনা

অবশ্যই পরুন

রাতেই আবার আলোর ঝলকানি নিয়ে ফিরছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। দিনের সবচেয়ে আলোচিত ম্যাচটি মাঠে গড়াবে স্ট্যামফোর্ড ব্রিজে, যেখানে বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হবে চেলসি ও বার্সেলোনা। একই সময়ে ম্যানচেস্টার সিটি আতিথ্য দেবে লেভারকুসেনকে, জুভেন্টাস খেলবে বেদো’র বিপক্ষে এবং নাপোলি নামবে কারবাগের বিপক্ষে। এছাড়া ডর্টমুন্ড-ভিয়ারিয়াল ও মার্শেই-নিউক্যাসেলও একসাথে লড়াইয়ে নামবে। এর আগে রাত পৌনে ১২টায় আয়াক্সের মাঠে খেলতে নামবে বেনফিকা।

চেলসি ও বার্সেলোনা সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৮ সালে। সে ম্যাচে লিওনেল মেসি করেছিলেন চ্যাম্পিয়নস লিগে তার শততম গোল। সাত বছরের ব্যবধানে বদলে গেছে দুই দলের রূপ-রূপান্তর। ক্লাব বদলেছেন মেসি, আর উভয় দলই গিয়েছে দলে বড় পরিবর্তনের মধ্য দিয়ে। এবার আবার মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই ঐতিহ্যবাহী জায়ান্ট, যেখানে পয়েন্ট টেবিলের হিসাব ম্যাচটিকে আরও গুরুত্ব দিয়েছে। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ১১ নম্বরে বার্সেলোনা; গোল ব্যবধানে পিছিয়ে থেকে চেলসি অবস্থান করছে ঠিক তাদের নিচে। সেরা আটে জায়গা পাকা করতে দুই দলেরই প্রয়োজন জয়।

ম্যাচকে সামনে রেখে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, চেলসি বিশ্বের সেরা দলগুলোর একটি এবং তাদের তরুণ স্কোয়াডকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। চেলসি কোচ এঞ্জো মারেস্কাও বলেন, বার্সেলোনার মতো বড় দলের বিপক্ষে খেলতে নামার আগে সতর্ক থাকতে হবে—বিশেষ করে লেভানদোভস্কি, ইয়ামাল ও রাফিনহার মতো ফুটবলারদের সামনে।

বিগ ম্যাচে অবশ্য কোউল পালমারকে পাচ্ছে না চেলসি। গ্রোয়েন ইনজুরি কাটিয়ে উঠলেও তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না ক্লাবটি। তবে অধিনায়ক রিস জেমস ও ডিফেন্ডার ওয়েসলি ফোফানা ফিরে আসছেন দলে। অন্যদিকে বার্সা শিবিরে ইনজুরির ছাপ স্পষ্ট—হ্যামস্ট্রিং চোটে পেদ্রি, কনুইয়ের সমস্যায় গাভি এবং পিঠের ব্যথায় টের স্টেগানকে পাচ্ছে না দলটি। রাশফোর্ড অবশ্য অসুস্থতা কাটিয়ে দলে ফিরতে প্রস্তুত।

এদিকে দু’দলই চ্যাম্পিয়নস লিগে ১৪ বার মুখোমুখি হয়ে চারবার করে জয় পেয়েছে। তবে স্ট্যামফোর্ড ব্রিজে বার্সেলোনার জয় অনেক দিন আগের স্মৃতি—শেষবার এখানে জয়ের মুখ দেখেছিল ১৯ বছর আগে। শেষ চারবারের চেষ্টাতেও ইংল্যান্ড থেকে হাসিমুখে ফিরতে পারেনি কাতালানরা।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ