যশোরে যুবদল নেতার বাড়িতে অভিযানে ককটেল–পেট্রোল বোমা উদ্ধার, আটক ১

অবশ্যই পরুন

যশোরে এক যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়ে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় যুবদল নেতা আল মাসুদ রানাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রায়পাড়া এলাকায় কোতয়ালী মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটক আল মাসুদ রানা শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ভোরে গোপন সূত্রে রানার বাড়িতে বোমা–অস্ত্র মজুত থাকার খবর পেয়ে সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশ অভিযান চালায়। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে বাড়ির উঠানের পাশে রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু, একটি ছোরা এবং দুটি হাসুয়া উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা অস্ত্র-বোমাগুলো রানার কি না—তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে মামলা প্রক্রিয়াধীন এবং বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে যশোর নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি দাবি করেন, রানা দীর্ঘদিন ধরে সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত, সে ‘ও ধরনের মানুষ নয়’। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও জানান, ব্যক্তির দায় দল বহন করে না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ