এলচের মাঠে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ, তবুও আছে পয়েন্ট টেবিলে শীর্ষে

অবশ্যই পরুন

জুড বেলিংহামের গোল ও অ্যাসিস্টের দুর্দান্ত প্রভাবেই শেষ মুহূর্তে হার এড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এলচের মাঠে দু’বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ করে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাবি আলোনসোর দল। আর এই ড্র-ই যথেষ্ট হয়েছে লা লিগার শীর্ষস্থান ফিরে পেতে।

এস্তাদিও মানুয়েল মার্টিনেস ভালেরোতে গোলগুলো এসেছে দ্বিতীয়ার্ধে একে একে।
৫৩ মিনিটে আলেইক্স ফেবাসের গোল এলচেকে এগিয়ে দেয়। রিয়াল দ্রুত চাপ বাড়িয়ে ৭৮ মিনিটে বেলিংহামের হেড ছুঁয়ে ডিন হুইসেনের গোল থেকে সমতায় ফেরে লস ব্লাঙ্কোস।

তবে ৮৪তম মিনিটে আলভারো রদ্রিগেজের নিচু শটে আবারও পিছিয়ে পড়ে রিয়াল।
ম্যাচ যখন প্রায় হাতছাড়া, ঠিক তখনই ৮৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের কাট-ব্যাক ধরে নিখুঁত শটে গোল করেন বেলিংহাম—লা লিগার শেষ চার ম্যাচে এ নিয়ে তার তৃতীয় গোল।

যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এলচের ভিক্টর চুস্ট, ফলে বাকি সময় ১০ জন নিয়ে লড়ে স্বাগতিকরা।

প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি এমবাপ্পে। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রস থেকেও তার শট ঠেকিয়ে দেন ইনাকি পেনা। অন্যদিকে কুর্তোয়া দু’বার নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে ভরসা দেন।

ড্রয়ের এই ১ পয়েন্ট রিয়ালকে আবারও টেবিলের শীর্ষে উঠিয়েছে—বার্সেলোনার চেয়ে এখন এক পয়েন্ট এগিয়ে তারা। অপরদিকে এলচে রইল ১১তম স্থানে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ