জামায়াতে ইসলামীর সাম্প্রতিক এক কর্মসূচিতে দেওয়া বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ জাসদ তীব্র নিন্দা জানিয়ে দলটির সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর গ্রেপ্তার দাবি করেছে।
সোমবার (২৪ নভেম্বর) জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে, আসন্ন নির্বাচনের সময় দেশে বিদেশি অর্থ ও অস্ত্র প্রবেশ করতে পারে এবং নির্বাচনী এলাকায় প্রশাসনের কর্মকর্তাদের নিজেদের নিয়ন্ত্রণে আনা হবে।
জাসদ নেতারা মন্তব্য করেছেন, এই ধরনের বক্তব্য নির্বাচনী ব্যবস্থার প্রতি অবমাননাকর চ্যালেঞ্জ ও সংবিধান, সার্বভৌমত্ব এবং প্রশাসনের ওপর গুরুতর উসকানির সমতুল্য।
বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের হুমকি নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার প্রচেষ্টা, দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ, মৌলবাদ ও বিদেশি প্রভাব বিস্তার বাড়ানোর সংকেত দেয়। প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনার আহ্বান রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে।
জাসদ নেতারা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, নির্বাচন সংশ্লিষ্ট ষড়যন্ত্র, অবৈধ অর্থ ও অস্ত্র আমদানির হুমকি, এবং প্রশাসনকে প্ররোচিত করার অভিযোগে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত বাংলাদেশে নির্বাচন হবে জনগণের অংশগ্রহণ ও সংবিধান অনুযায়ী, কোনো বিদেশি প্রভাব, সন্ত্রাস বা অবৈধ অর্থ-অস্ত্রের ছায়ায় নয়। নির্বাচনী মাঠে সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিদেশি শক্তির প্রভাবের কোনো স্থান নেই। যারা গণতন্ত্রকে উপেক্ষা করে ষড়যন্ত্র করছে, তারা রাষ্ট্র ও গণতন্ত্রের শত্রু।
ন্যাশনিক্স/একেএ
