ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) জানায়, ভূকম্পনের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলে ঘন ঘন কম্পন হওয়ায় সবসময় সতর্ক থাকা জরুরি, কারণ ছোট মাত্রার ভূমিকম্পও যেকোনো সময় বড় আকার নিতে পারে।
এদিকে আজ রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে মিয়ানমারেও ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখানেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
উভয় দেশের সাম্প্রতিক কম্পন আবারও মনে করিয়ে দিচ্ছে রিং অব ফায়ার অঞ্চল সবসময়ই ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ, তাই সতর্কতা ও প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
