অজিদের হারিয়ে সিরিজ সমতায় আনলো ভারত

অবশ্যই পরুন

প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সিরিজের সূচনা মলিন ছিল। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে পিছিয়ে পড়েছিল সূর্যকুমার যাদবের ভারত। তবে তৃতীয় ম্যাচে এসে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরাল সফরকারীরা। হোবার্টে অনুষ্ঠিত ম্যাচে অজিদের ৫ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ ফিরেছে ভারত।

রোববার (২ নভেম্বর) টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। এরপর মিচেল মার্শকে সঙ্গে নিয়ে ইনিংস গুছিয়ে নেন টিম ডেভিড। দুজনে মিলে ৫৯ রানের জুটি গড়েন।

দলীয় ৭৩ রানে মার্শ ১৪ বলে ১১ রান করে আউট হন। এরপর দ্রুত আরও দুই উইকেট হারায় অজিরা। তবে টিম ডেভিড ও মার্কাস স্টোনিয়াস মিলে পাল্টা আক্রমণে যান। ৮ চার ও ৫ ছক্কায় মাত্র ৩৮ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান তোলে অস্ট্রেলিয়া। স্টোনিয়াস করেন ৩৯ বলে ৬৪ রান, আর ম্যাথু শর্ট খেলেন ১৫ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস। ভারতের পক্ষে আর্শদ্বীপ সিং নেন ৩টি উইকেট।

১৮৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ভারত শুরুতেই বিপাকে পড়ে। ওপেনার অভিষেক শর্মা ২৫ ও শুভমান গিল ১৫ রানে ফিরলে দলীয় সংগ্রহ থমকে যায়। ১১ বলে ২৪ রান করে আউট হন অধিনায়ক সূর্যকুমার। এরপর অক্ষর প্যাটেল (১৭) ও তিলক ভর্মা (২৯) জুটি গড়ে ম্যাচে ফেরান দলকে।

শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মা দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সুন্দর ২৩ বলে অপরাজিত ৪৯ রান করেন, আর জিতেশ খেলেন ১৩ বলে ২২ রানের দ্রুত ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস নেন ৩টি উইকেট।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরালো ভারত, আর পরবর্তী ম্যাচেই নির্ধারিত হবে কে এগিয়ে যাবে সিরিজে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ