নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক কেন উইলিয়ামসন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র চার মাস আগে ৩৫ বছর বয়সে ৯৩ ম্যাচের বর্ণাঢ্য ক্যারিয়ারে ইতি টানলেন এই কিউই তারকা।
২০১১ সালে অভিষেকের পর থেকে উইলিয়ামসন টি–টোয়েন্টি ফরম্যাটে করেছেন ২,৫৭৫ রান, গড় ৩৩। রয়েছে ১৮টি অর্ধশতক ও সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস। তিনি নিউজিল্যান্ডের হয়ে এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেই বিদায় নিচ্ছেন।
অধিনায়ক হিসেবে ৭৫টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। তার নেতৃত্বে ব্ল্যাকক্যাপসরা দুটি সেমিফাইনাল (২০১৬ ও ২০২২) এবং একটি ফাইনালে (২০২১) পৌঁছেছিল।
অবসরের ঘোষণায় উইলিয়ামসন বলেন,
“দীর্ঘ সময় ধরে দলের অংশ হতে পারাটা ছিল দারুণ অভিজ্ঞতা। অসংখ্য স্মৃতি ও সাফল্যের জন্য আমি কৃতজ্ঞ। আমার মনে হচ্ছে, এটি সঠিক সময় আমার জন্য, দলের জন্যও। এতে দল আরও সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে পারবে।”
তিনি আরও যোগ করেন,
“আমাদের দলে এখন অনেক তরুণ প্রতিভা আছে। তাদের তৈরি করাই এখন সবচেয়ে জরুরি। মিচেল স্যান্টনার দুর্দান্ত অধিনায়ক, সে দলটিকে সুন্দরভাবে এগিয়ে নিচ্ছে। আমি দূর থেকে তাদের সাফল্যের জন্য শুভকামনা জানাব।”
২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে আগাম বিদায়ের পর থেকেই সাদা বলের নেতৃত্ব মিচেল স্যান্টনারের হাতে তুলে দেন উইলিয়ামসন। এরপর থেকে তিনি বেছে বেছে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে অনুপস্থিত ছিলেন চোট ও বিশ্রামের কারণে।
আগামী ২৬ নভেম্বর বে ওভালে প্লানকেট শিল্ডে নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে মাঠে নামার সম্ভাবনা আছে তার। তবে এখন তার প্রধান মনোযোগ ২ ডিসেম্বর ক্রাইস্টচার্চে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও উইলিয়ামসন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। এখনও তিনি নিউজিল্যান্ডের ইতিহাসে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান হিসেবে শীর্ষে আছেন।
ন্যাশনিক্স/এপি
