শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অবতরণের সময় টয়লেট ব্যবহারের অনুমতি না দেওয়ায় দুই নারী বিমানবালাকে মারধরের অভিযোগ উঠেছে সৌদি আরবের ২৮ বছর বয়সী এক যাত্রীর বিরুদ্ধে। রবিবার (২৬ অক্টোবর) রিয়াদ থেকে কলম্বো যাওয়া ফ্লাইটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর।
ঘটনার সময় বিমানটি শ্রীলঙ্কার বন্দরনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় ওই সৌদি যুবক টয়লেটে যেতে চাইলে বিমানবালারা নিরাপত্তার কারণে তাকে বাধা দেন এবং সিটবেল্ট বেঁধে বসে থাকতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি দুই বিমানবালার ওপর চড়াও হন এবং মারধর করেন।
বিমানবালারা সঙ্গে সঙ্গে ঘটনাটি পাইলটকে জানান। পাইলট দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন। এরপর অবতরণের পরই ওই যাত্রীকে আটক করা হয়।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি রিয়াদ থেকে শ্রীলঙ্কা হয়ে মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। তবে ঘটনার পর তাকে শ্রীলঙ্কাতেই আটক রাখা হয়েছে। আগামীকাল সোমবার তাকে কলম্বোর মেজিস্ট্রেট আদালতে তোলা হবে, যেখানে তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নেশনিক্স/ এপি
