চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আবারও বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ ও বাইরে টাঙানো ব্যানার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই মাসে দুটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধে অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কার্যালয়টিতে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুনের কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলামও ঘটনার নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ মতলবকে অস্থিতিশীল করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত ১১ নভেম্বর রাতে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই মাসে দুটি দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে।
