তারেক রহমানের বিশেষ উদ্যোগের পিংক বাসে প্রতি ১ টাকা আয় করতে খরচ ৪ টাকা ২২ পয়সা, তিন মাসে লোকসান ২৭ লাখ টাকা

অবশ্যই পরুন

তারেক রহমানের উদ্যোগে চালু হওয়া বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ বা পিংক বাস এখন বড় ধরনের আর্থিক লোকসানের মুখে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য নিয়ে চালু হওয়া এই বিশেষ সেবায় তিন মাসে আয় হয়েছে মাত্র ৮ লাখ ৫১ হাজার টাকা। বিপরীতে ব্যয় হয়েছে প্রায় ৩৫ লাখ ৮৭ হাজার টাকা। অর্থাৎ, প্রতি এক টাকা আয় করতে বিআরটিসির খরচ হচ্ছে ৪ টাকা ২২ পয়সা। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসে প্রকল্পটির লোকসান দাঁড়িয়েছে ২৭ লাখ ৩৬ হাজার টাকা।

নারীদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগ প্রশংসিত হলেও বাস্তব পরিচালনায় দেখা যাচ্ছে বড় ধরনের সীমাবদ্ধতা। সন্ধ্যায় অফিস ছুটির পর কিছু পিংক বাসে যাত্রীদের ভিড় থাকলেও দিনের অন্যান্য সময়ে অনেক বাসই প্রায় ফাঁকা চলাচল করছে।

যমুনা নিউজের পর্যবেক্ষণে দেখা গেছে, আব্দুল্লাহপুর থেকে মতিঝিলগামী একটি পিংক বাস খিলক্ষেত পর্যন্ত মাত্র পাঁচ থেকে ছয়জন যাত্রী নিয়ে চলেছে। আবার অনেক নারী যাত্রী এখনো বাসের সময়সূচি সম্পর্কে জানেন না। ফলে প্রচার-প্রচারণার ঘাটতি ও সময়সূচির সীমাবদ্ধতা সেবাটির যাত্রীসংখ্যা বাড়ানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

অনেকটা স্কুল বাসের মতো নির্দিষ্ট সময়ে সকালে যাত্রী পৌঁছে দিয়ে দীর্ঘ সময় অলস বসে থাকছে বাসগুলো। এরপর বিকেলে আবার ফিরতি যাত্রা করছে। দিনের বড় একটি সময় বাসগুলো ব্যবহার না হওয়ায় পরিচালন ব্যয় বাড়লেও আয় বাড়ছে না। প্রকল্প চালুর আগে রুট, সময়সূচি, যাত্রী চাহিদা ও পরিচালন ব্যয়ের যথাযথ পরিকল্পনা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিআরটিসির হিসাব অনুযায়ী, তিন মাসে প্রায় ২৭ লাখ ৩৬ হাজার টাকা লোকসান হয়েছে। অর্থাৎ, নারীদের জন্য বিশেষায়িত পরিবহন সেবা চালু হলেও তা আর্থিকভাবে টেকসই হয়ে উঠতে পারেনি। সরকারি অর্থ ব্যয়ে পরিচালিত এই প্রকল্পে পরিকল্পনার ঘাটতি ও লোকসানের দায় নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

বিআরটিসি চেয়ারম্যান জানিয়েছেন, অফ-পিক সময়ে বাসগুলো বিকল্প রুটে চালানো এবং যাত্রী বাড়াতে প্রচার-প্রচারণা জোরদারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সেবায় আরও ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নারীদের সঙ্গে তাঁদের আপনজনকে ভ্রমণের সুযোগ দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। রুট ও সময়সূচি জানাতে মোবাইল অ্যাপ তৈরির কাজও চলছে।

তবে বিদ্যমান বাসগুলোর যাত্রীসংখ্যা ও আয় বাড়াতে কার্যকর ব্যবস্থা নিশ্চিত না করেই আরও ১০০টি বাস যুক্ত করার পরিকল্পনা নতুন করে ব্যয়ের চাপ তৈরি করবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তারেক রহমানের উদ্যোগে চালু হওয়া নারীদের বিশেষ এই পরিবহন সেবা প্রত্যাশা পূরণ করতে পারছে কি না, তিন মাসের লোকসানের হিসাব সেই প্রশ্নই সামনে এনেছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ