১৯৭৮ সালে লন্ডনে বর্ণবাদী হামলায় নিহত আলতাব আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৯৮ সালে Tower Hamlets Council পার্কটির পুরোনো নাম St Mary Park পরিবর্তন করে “Altab Ali Park” নামকরণ করে। পরবর্তীতে ১৯৯৯ সালে স্থানীয় বাঙালি কমিউনিটির ৫৪টি সংগঠনের অর্থায়নে এবং Tower Hamlets Council-এর সহযোগিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত হয় শহীদ মিনার। বাংলাদেশের জাতীয় সংসদের তৎকালীন স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী ১৭ ফেব্রুয়ারি ১৯৯৯ সালে এই শহীদ মিনার উদ্বোধন করেন।
আলতাব আলীর আত্মত্যাগ ছিল বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। বাংলাদেশের মুক্তিযুদ্ধও ছিল বৈষম্য, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এই দুই ইতিহাসের চেতনা ধারণ করে আলতাব আলী পার্ক আজ দল-মত নির্বিশেষে গ্রেট ব্রিটেনে বসবাসরত বাঙালিদের আবেগ, শ্রদ্ধা ও ঐতিহাসিক চেতনার জায়গা। এটি শুধু একটি পার্ক নয়, এটি আমাদের ইতিহাস, পরিচয় এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের প্রতীক। বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে এই পার্কে বাঙালিরা যুগে যুগে মিছিল, সভা, সমাবেশ ও প্রতিবাদ করে আসছেন।
কিন্তু গতকাল রাতের আঁধারে কিছু মুখোশধারীকে আলতাব আলী পার্কে এবং হোয়াইট চ্যাপেলের কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ রাজনৈতিক সচেতন বাঙালিদের উদ্দেশ্যে হুমকি-ধমকি দিতে দেখলাম। তাদের কথাবার্তা ও আচরণে মনে হচ্ছে, আলতাব আলী পার্ক কিংবা ব্রিকলেন-হোয়াইট চ্যাপেল যেন তাদের ব্যক্তিগত সম্পত্তি! তাদের এই দম্ভ ও দখলদারিত্বের মানসিকতা দেখে প্রশ্ন জাগে, ব্রিটেনের আইন, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা সম্পর্কে তাদের ধারণা আসলে কতটুকু?
এদের বুঝতে হবে, ব্রিটেনের কোনো পাবলিক পার্ক, রাস্তা কিংবা জনপরিসর কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। আইন মেনে নাগরিকরা প্রতিবাদ, মিছিল, সভা ও সমাবেশ করার অধিকার রাখেন। কারও রাজনৈতিক মতাদর্শ অপছন্দ হলেই তাকে ভয় দেখানো, হুমকি দেওয়া কিংবা জনপরিসরে তার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করার অধিকার কারও নেই। প্রতিবাদকে প্রতিবাদ দিয়ে মোকাবিলা করা যায়, যুক্তিকে যুক্তি দিয়ে মোকাবিলা করা যায়; কিন্তু মুখোশ পরে হুমকি, ভয়ভীতি ও গুন্ডামির মাধ্যমে মানুষের নাগরিক অধিকার দমন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আর মারামারি, হামলা কিংবা রাজনৈতিক সহিংসতা এই প্রথম ঘটছে না। বিগত বিশ-ত্রিশ বছরের ইতিহাস ঘাটলেই দেখা যাবে, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীকে কেন্দ্র করে সংঘাত ও হামলার ঘটনা ঘটেছে। নিকট অতীতের ঘটনাবলির দিকে তাকালে ২০২৪ সালের ৫ আগস্টের আগেও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ ও ঘটনা সামনে এসেছে। জামায়াতকে অনেক সময় সরাসরি সামনে দেখা যায় না; কখনো বিএনপির আড়ালে, কখনো আওয়ামী লীগের ভেতরে গুপ্ত অবস্থানে থেকে রাজনৈতিক অপকর্ম চালানোর অভিযোগ রয়েছে। এখন আবার এনসিপিকে ঘিরেও তাদের উপস্থিতি ও প্রভাব নিয়ে নানা প্রশ্ন উঠছে।
বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, এমনকি সমর্থকদেরও নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, জেল-জুলুমের শিকার হওয়ার অভিযোগ রয়েছে। ছাত্রলীগ করার অভিযোগে বহু শিক্ষার্থীর শিক্ষাজীবন ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের অধিকার বাধাগ্রস্ত হয়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে মব হামলার শিকার হয়ে মারধর, এমনকি হত্যার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এই সহিংসতার হাত থেকে ছাত্রীরাও রেহাই পায়নি।
এই নির্যাতিত মানুষগুলোর পরিবার, আত্মীয়স্বজন, ভাই, বাবা, চাচা, মা, খালা, বন্ধু-বান্ধবসহ অসংখ্য মানুষ গ্রেট ব্রিটেনে বসবাস করেন। বাংলাদেশে তাদের আপনজনদের ওপর সংঘটিত নির্যাতন, নিপীড়ন ও অন্যায়ের প্রতিবাদ জানানোর অধিকার তাদেরও আছে। সেই প্রতিবাদ জানাতে তারা আলতাব আলী পার্কে যাবেন, মিছিল করবেন, সমাবেশ করবেন, কথা বলবেন। এটা তাদের নাগরিক অধিকার। কারও হুমকি, মুখোশ কিংবা পেশিশক্তি সেই অধিকার কেড়ে নিতে পারবে না। কারও বাপের সাধ্য নেই আইনসম্মত প্রতিবাদ বন্ধ করে দেওয়ার।
আমি কোনো হুমকি দিচ্ছি না, আইনের কথা বলছি। আইন ভাঙলে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, সাধারণ মানুষকে ভয় দেখানো কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার নামে গুন্ডামি করার কোনো সুযোগ নেই। এটা ব্রিটেন, এখানে নাগরিক অধিকার আছে, আইনের শাসন আছে। মুখোশের আড়ালে থেকে ভয় দেখিয়ে জনপরিসর দখল করার রাজনীতি চলতে পারে না।
Reform UK এবং Restore UK-এর রাজনৈতিক নেতাদের মন্তব্য নিয়ে যারা গেল গেল রব তুলছেন, তাদের জ্ঞানার্থে বলি, এই দুই দলের রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের মধ্যে বর্ণবাদী প্রবণতার অভিযোগ বহুবার আলোচনায় এসেছে। অন্যের রাজনৈতিক মন্তব্য নিয়ে এত উদ্বেগ প্রকাশ করার আগে বর্ণবাদী রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান কতটা স্পষ্ট, সেটাও বিবেচনা করা উচিত। অন্যের মন্তব্য নিয়ে হৈচৈ করলেই বর্ণবাদী রাজনীতির বাস্তবতা মুছে যায় না।
এবার আসি এই মুখোশধারী “ছগির” আলীদের কথায়। এরা গ্রেট ব্রিটেনে বসবাসরত বাঙালি কমিউনিটির কলঙ্ক। এদের কর্মকাণ্ড, হুমকি ও দখলদারিত্বের মানসিকতা পুরো কমিউনিটির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। এদের অনেককে বৈধ ও সম্মানজনক কর্মক্ষেত্রে না দেখে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড, ড্রাগ, গ্যাংবাজি ও ফাউল আড্ডায় জড়িত থাকার অভিযোগের মধ্যে দেখা যায়। আমার সন্দেহ, এদের কেউ কেউ মাফিয়া জামায়াতের অপরাধী চক্র কিংবা ড্রাগ ডিলিং শাখার কর্মী।
আমি আরও সন্দেহ করি, এদের সঙ্গে ISI-এর মতো সংগঠনের কোনো যোগাযোগ বা সংশ্লিষ্টতা আছে কি না, সেটাও তদন্তের আওতায় আনা উচিত। সাধারণ মানুষকে ভয় দেখানো, কালো কাপড় ও মুখোশ পরে হুমকি দেওয়া এবং সহিংসতার পরিবেশ তৈরি করার পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করা জরুরি। আমি আশা করি, London Metropolitan Police বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং প্রমাণের ভিত্তিতে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
সবশেষে, আমি ফুজায়েল আহমদ জনি, গ্রেট ব্রিটেনে বসবাসকারী একজন মুসলিম বাঙালি নাগরিক হিসেবে স্পষ্টভাবে ঘোষণা করছি, এই কালো মুখোশধারী সন্ত্রাসীসুলভ কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে বাঙালি কমিউনিটি কিংবা মুসলিম সমাজের কোনো সম্পর্ক নেই। তাদের কর্মকাণ্ডের দায় কোনো বাঙালি কমিউনিটি কিংবা মুসলিম সমাজ বহন করবে না। ধর্ম কিংবা জাতিগত পরিচয়ের আড়ালে অপরাধ, ভয়ভীতি ও সহিংসতাকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই।
আমি এই মুখোশধারীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। আলতাব আলী পার্ক কারও ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি আমাদের ইতিহাস, আমাদের সম্মান, আমাদের নাগরিক অধিকার এবং বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। এই প্রতীককে কোনো গুন্ডাগোষ্ঠী, মুখোশধারী কিংবা রাজনৈতিক দখলদারদের হাতে তুলে দেওয়া হবে না।
লেখকঃ ফুজায়েল আহমদ জনি
সাবেক ছাত্রনেতা, সিলেট মহানগর ছাত্রলীগ।
