কারাগারে অসুস্থ হয়ে পড়া বন্দি সাবিনা আক্তার তুহিনের উন্নত চিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করার পর ১৩ দিন অতিবাহিত হলেও এখনো তাঁকে হাসপাতালে পাঠানো হয়নি বলে অভিযোগ করেছে তাঁর পরিবার ও সংশ্লিষ্টরা।
প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, গত ২ অক্টোবর ২০২৬ তারিখে কোনো সুনির্দিষ্ট কারণ বা ব্যাখ্যা না জানিয়েই সাবিনা আক্তার তুহিনকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়। এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে বারবার জানতে চেয়েও স্থানান্তরের সুনির্দিষ্ট কারণ জানতে পারেননি বলে দাবি পরিবারের।
পরিবারের অভিযোগ, কারাগারে থাকাকালে তুহিন বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগলেও তাঁকে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়নি। তাঁর অসুস্থতার বিষয়টি একাধিকবার কারা কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে বহু অনুরোধের পর গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে তাঁকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেফার্ড করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তবে রেফার্ড করার পরও তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়নি। পরিবারের দাবি, এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করা হলে পুলিশের প্রটোকল না পাওয়ার কথা জানিয়ে স্থানান্তরে বিলম্বের কারণ ব্যাখ্যা করা হচ্ছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, একজন অসুস্থ বন্দির জরুরি চিকিৎসা কি পুলিশের প্রটোকলের অপেক্ষায় আটকে থাকতে পারে?
তাঁদের মতে, কোনো ব্যক্তি কারাবন্দি হলেও তাঁর চিকিৎসা পাওয়ার অধিকার অক্ষুণ্ন থাকে। কারাবন্দি হওয়ার কারণে একজন মানুষের মৌলিক মানবিক অধিকার ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার সুযোগ নেই।
সাবিনা আক্তার তুহিনের পরিবারের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—তাঁকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে স্থানান্তরের সুনির্দিষ্ট কারণ প্রকাশ, তাঁর শারীরিক অবস্থার যথাযথ পরীক্ষা-নিরীক্ষা, দ্রুত ঢাকায় স্থানান্তর করে উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং তাঁর চিকিৎসা ও শারীরিক নিরাপত্তার বিষয়ে পরিবারকে নিয়মিত অবহিত করা।
পরিবার ও সংশ্লিষ্টরা বলছেন, তাঁরা কোনো বিশেষ সুবিধা বা আইনের ঊর্ধ্বে কোনো অধিকার দাবি করছেন না। তাঁদের একমাত্র প্রত্যাশা, সাবিনা আক্তার তুহিন যেন দ্রুত প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান এবং চিকিৎসার ক্ষেত্রে আর কোনো ধরনের বিলম্ব না হয়।
