শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: ট্রাম্প প্রশাসন

অবশ্যই পরুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন এবং দেশটির চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বাংলাদেশের জনগণের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম এনওয়াইভয়েস২৪ ডটকমের চারটি প্রশ্নের লিখিত জবাবে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এ অবস্থান জানান।

এর আগে গত ১৯ অক্টোবর ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনের মাধ্যমে যুক্ত হয়ে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার পরিকল্পনার কথাও জানান তিনি।

ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের সমর্থকেরাও বাংলাদেশের নাগরিক। তাদের রাজনৈতিক পরিসর থেকে বাদ দেওয়ার সুযোগ নেই। একইভাবে, তাঁর সরকারের বিরোধিতাকারীরাও এ দেশের নাগরিক। সবার রাজনৈতিক অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা ও আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাঁর দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়। তবে এ বিষয়ে সরাসরি কোনো পক্ষ না নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ওয়াশিংটনের আগ্রহের কথা তুলে ধরেন।

মার্কিন মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, দুই দেশের পারস্পরিক স্বার্থে কার্যকর ও সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

এনওয়াইভয়েস২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আলোচনা এবং বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে করা প্রশ্নগুলোর জবাবে ট্রাম্প প্রশাসন সরাসরি কোনো রাজনৈতিক পক্ষের প্রতি সমর্থন জানায়নি। বরং এসব বিষয় বাংলাদেশের নিজস্ব রাজনৈতিক ও সার্বভৌম প্রক্রিয়ার আওতাভুক্ত—এমন অবস্থানের ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ