খাদ্যমন্ত্রীর অনুমতি ছাড়া সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনায় সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুলকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (২৬ অক্টোবর) মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ। একই দিন পৃথক প্রজ্ঞাপনে মানিকগঞ্জ সদর উপজেলার চরবংখুরী গ্রামের মো. মিজানুর রহমানকে খাদ্যমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে একই ঘটনায় খাদ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকেও খাদ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনে যান আবদুল আওয়াল বুলবুল। এ সফরের জন্য ৮ অক্টোবর মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে সরকারি সফরসূচি জারি করা হয়েছিল। তবে সফরের বিষয়ে খাদ্যমন্ত্রী অবগত ছিলেন না বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় সমালোচনার পর খাদ্যমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী আবদুল আওয়াল বুলবুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মন্ত্রীর অনুমতি ছাড়া সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা হয়। এরপর খাদ্যমন্ত্রী ওই এপিএসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান।
ন্যাশনিক্স/এলকে
